প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
‘তুমি এখন আমার অনুপ্রেরণা,’ বৈভবকে বললেন বিশ্বকাপ জেতা অধিনায়ক

কিশোর ব্যাটিং সেনসেশন বৈভব সূর্যবংশী এখন প্রশংসাবাণে ভাসছেন। মঙ্গলবার দোহায় এসিসি রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে তাণ্ডব চালিয়েছেন তিনি। তার এমন ইনিংস দেখে আপ্লুত ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।
৫০ ওভারের ম্যাচে আমিরাতের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ভারত স্রেফ ১৪.২ ওভারেই লক্ষ্য ছোঁয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে এতদিন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ কিংবা ডাবল সেঞ্চুরির যে রেকর্ড ছিল সবকটিই ভেঙে দিয়েছেন বৈভব। ২০২৩ সালে এই সংস্করণের ক্রিকেট জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিটি করেছিলেন ২৯ বলে। তারও ৮ বছর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করেন। তাদের ছাড়িয়ে সূর্যবংশী ম্যাজিক ফিগার পূর্ণ করতে খেলেছেন স্রেফ ২৮ বল। পেশাদার ক্রিকেটে ভারতীয় এই ব্যাটারের অবশ্য এর আগেও ৩২, ৩৫ ও ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড ছিল।
ম্যাচটিতে সূর্যবংশী দেড়শ রানের ঘরে পৌঁছান ৪০তম বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও অবশ্য তার দখলে ছিল। তিনি গত বছর ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় দেড়শ করতে খেলেন ৫৯ বল। এরপর ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে সূর্যবংশীর ৫২ বল লেগেছে। এর আগে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরিটি হয়েছিল ১০৩ বলে, নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস দুই বছর আগে ওই রেকর্ড গড়েন।
এ ছাড়া পেশাদার ক্রিকেটের এক ইনিংসে ব্যক্তিগত ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন বাঁ-হাতি এই ওপেনার। ডাবল সেঞ্চুরির করতে সূর্যবংশী হাঁকিয়েছেন ২৮টি ছক্কা। এর আগে সর্বোচ্চ ২৬ ছক্কার ব্যক্তিগত ইনিংস দেখেছিল ক্রিকেটবিশ্ব। ভারতের রঞ্জি ট্রফিতে তন্ময় আগারওয়াল ওই কীর্তি গড়েন। আর ৫০ ওভারের ম্যাচে সর্বোচ্চ ২৩টি ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ার ডি’আরচি শর্ট। সবাইকে ছাড়িয়ে বৈভব হাঁকালেন ২৮টি ছক্কা।
তার এমন তাণ্ডবের পর সূর্যকুমার এক্স-এ লিখেছেন, ‘বৈভব সূর্যবংশী। তুমি এখন আমার অনুপ্রেরণা। কী খেলোয়াড়, অসাধারণ।’ সাবেক ক্রিকেটার সুরেশ রায়নাও বলেছেন, ‘অবিশ্বাস্য প্রতিভা। এই অল্প বয়সে ডাবল সেঞ্চুরি বৈভব সূর্যবংশীর অকুতোভয় মানসিকতা ও অসাধারণ সামর্থ্যের কথা বলে। বড় স্বপ্ন দেখতে থাকো, জ্বলতে থাকো, তরুণ চ্যাম্পিয়ন।’ মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘৫৩ বলে ২০৪, ২৮ ছক্কা। বৈভব সূর্যবংশী রেকর্ড ভাঙার অপেক্ষায় থাকে না, সে ক্রিকেট ইতিহাস নতুন করে লিখছে। একজন মহাতারকা তৈরি হচ্ছে।’
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।